সড়ক দুর্ঘটনায় ঢাকা কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫)। বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, বুধবার কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা। তিনি মো. কালাম উদ্দিনের ছেলে এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।








