শাহ আলী মাজারে ভাঙচুর-হামলা, অজ্ঞাত ১৫০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকার মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজারে হামলা, ভাঙচুর ও অর্থ চুরির অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জন জামায়াতকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের নিয়মিত দর্শনার্থী ও ভক্ত রেসমি বেগম (৪০)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মো. মোস্তাক সরকার। তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
এজাহারভুক্ত আসামিরা হলেন, মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)। তাদের সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে দর্শনার্থীদের ওপর হামলা চালায়।
বিজ্ঞাপন
এসময় হামলাকারীরা মাজারে থাকা ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে। পাশাপাশি মোমবাতির প্লেট ভাঙচুরের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে।
বাদী আরও দাবি করেন, হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে। একপর্যায়ে এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলায় আরও বলা হয়, হামলাকারীরা মাজারে আসা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।








