হঠাৎ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সম্ভাব্য নাশকতা ও অবৈধ তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মকাণ্ড ও আহ্বানকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ডিএমপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতেই রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। সেখানে ভোররাত থেকে অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত একটি সংগঠন ১৭ মে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কিংবা অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি সূত্রে আরও জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।
রাজধানীর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের বিশেষ দিন আছে কি না, সেটি মূল বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের কার্যক্রম ও প্রচারণা নজরে এসেছে।
বিজ্ঞাপন
তিনি জানান, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নগরজুড়ে রাত থেকেই বাড়তি নজরদারি, টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।








