রাজধানীতে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে থাকা আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
আরও পড়ুন: ঈদের আগে বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে নতুন বাজার এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটির ব্যাপক ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেল্পার পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইসলাম পরিবহনের যাত্রীরা জানিয়েছেন, পটুয়াখালী থেকেই বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালকের আচরণ ছিল বেপরোয়া।
দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পালিয়ে যাওয়া চালক ও হেল্পারকে খুঁজছে পুলিশ।








