Logo

ঢাকাজুড়ে কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৪:২১
ঢাকাজুড়ে কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে পশু কোরবানির পর শুরু হয়েছে বর্জ্য অপসারণের কার্যক্রম। নগরী পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর পরিচ্ছন্নতাকর্মীরা সকাল থেকেই মাঠপর্যায়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কোরবানির পরপরই পাড়া-মহল্লা থেকে পশুর বর্জ্য সংগ্রহ শুরু হয়েছে। ধানমন্ডি ও লালবাগসহ বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের কর্মীদের পিকআপভ্যান, ঠেলাগাড়ি ও ডাম্পিং ট্রাক নিয়ে বর্জ্য অপসারণে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সংগৃহীত বর্জ্য দ্রুত ছোট যানবাহন থেকে বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ নেওয়া হচ্ছে। নগরীর পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছেন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ঈদের দিনেও নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, আগের তুলনায় এবার বর্জ্য অপসারণের গতি বেশ ভালো। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানী পরিষ্কার করা সম্ভব হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এদিকে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। পলিথিন ব্যাগে বর্জ্য সংরক্ষণ, নির্ধারিত স্থানে ফেলা এবং পরিবেশসম্মত উপায়ে কোরবানির কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD