ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রাপথে চাপ ও বিশৃঙ্খলা তুলনামূলক কম দেখা গেছে।
যারা কাজের ব্যস্ততা বা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই আজ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন। আবার কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবার নিয়ে উদযাপন শেষে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন: ঢাকাজুড়ে কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ
বিজ্ঞাপন
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীদের ভাষ্য, ঈদের দ্বিতীয় দিনে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় ভোগান্তি ছাড়াই স্বস্তির যাত্রা সম্ভব হচ্ছে। কম যানজটের কারণে গন্তব্যে দ্রুত পৌঁছানোও সহজ হচ্ছে বলে জানান তারা।
এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। যানবাহনের চাপ কম থাকায় সড়কগুলোতেও ছিল স্বাভাবিক পরিবেশ।







