Logo

২০ ঘণ্টা পেরিয়েও রাজধানীতে পুরোপুরি সরেনি কোরবানির বর্জ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মে, ২০২৬, ১৮:৪৩
২০ ঘণ্টা পেরিয়েও রাজধানীতে পুরোপুরি সরেনি কোরবানির বর্জ্য
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণের ঘোষণা থাকলেও ঈদের পরের দিন শুক্রবার (২৯ মে) বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি বর্জ্য। ফলে নগরজুড়ে ছড়িয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ২০ ঘণ্টারও বেশি সময় পার হলেও কোথাও কোথাও এখনো কোরবানির উচ্ছিষ্ট পড়ে আছে। পশুর রক্ত, ভুড়ি, খড়-ভুসি, চামড়া, শিং ও হাড়ের অংশ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা গেছে।

রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক এলাকায় এখনও বর্জ্যের স্তূপ রয়েছে। মিরপুর, শাহজাদপুর, বনানী ও গুলশানের কিছু অংশে বর্জ্য পুরোপুরি সরানো হয়নি। একই অবস্থা দেখা গেছে দক্ষিণ সিটির বনশ্রী, খিলগাঁও, সবুজবাগ, জিগাতলা, চকবাজার, হাজারীবাগ ও বকশীবাজার এলাকায়।

বিজ্ঞাপন

ঈদের দিন দুপুর থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। ডিএসসিসি প্রশাসক ৮ ঘণ্টার মধ্যে এবং ডিএনসিসি প্রশাসক ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য সরানোর ঘোষণা দিলেও বাস্তবে সেই সময়সীমা অতিক্রম করেছে।

এদিকে বর্জ্য অপসারণে দেরি হওয়ায় নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু এলাকায় দ্রুত কাজ হলেও পুরো শহরে সমানভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়নি।

বিজ্ঞাপন

তবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, একসঙ্গে বিপুল পরিমাণ বর্জ্য জমে যাওয়ায় কিছু এলাকায় দেরি হচ্ছে। তারপরও তারা দ্রুত সময়ের মধ্যে পুরো রাজধানী পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD