Logo

ছুটির শেষ দিনেও ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে দর্শনার্থীদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৪:১৫
ছুটির শেষ দিনেও ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে দর্শনার্থীদের ঢল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটির শেষ দিনেও রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রবিবার (৩১ মে) সকাল থেকেই পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে হাজারো মানুষ মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন। দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, যাকে এক নজর দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন।

বিজ্ঞাপন

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সারি দেখা যায়। টিকিট সংগ্রহের পর নারী, পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেন। বাঘ, হাতি, জিরাফ, হরিণ, বানরসহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড়।

বিশেষ করে শিশুদের মধ্যে প্রাণীদের নিয়ে ছিল ব্যাপক উৎসাহ। বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে তারা অভিভাবকদের কাছে নানা প্রশ্ন করছিল। অনেক অভিভাবককেও সন্তানদের প্রাণীদের পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে বুঝিয়ে বলতে দেখা যায়।

বিজ্ঞাপন

দিনভর প্রচণ্ড গরম থাকায় অনেক দর্শনার্থীকে চিড়িয়াখানার ভেতরের বিশ্রামাগার, ছায়াঘেরা স্থান ও লেকের পাড়ে বসে সময় কাটাতে দেখা গেছে। কেউ স্মৃতিচারণের জন্য ছবি তুলেছেন, কেউ সেলফি ও ভিডিও ধারণ করেছেন। রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক মানুষ ঈদের ছুটিতে চিড়িয়াখানা দেখতে এসেছেন।

শেওড়াপাড়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা রিজওয়ান বলেন, সন্তানদের নিয়ে আনন্দ করতে এসেছেন। সাধারণত ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়া হয়, তবে এবার ঢাকাতেই ঈদ উদযাপন করায় পরিবারের সঙ্গে ঘুরতে আসার সুযোগ হয়েছে।

অন্যদিকে রামপুরা থেকে আসা জেসমিন আক্তার জানান, শুক্রবার চিড়িয়াখানায় আসার পরিকল্পনা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তার দুই ছেলে চিড়িয়াখানায় আসার জন্য বায়না করছিল। অবশেষে তাদের বাঘ ও হাতি কাছ থেকে দেখাতে পেরে তিনি আনন্দিত। তার মতে, শিশুদের জন্য এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

দর্শনার্থীদের আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্র ছিল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশু হিসেবে পরিচিতি পাওয়া এই মহিষটি বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। তাকে দেখতে দিনভর খাঁচার সামনে মানুষের ভিড় লেগেই ছিল। অনেকেই ছবি তুলেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করেছেন।

বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় আসা মুহিন উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ভিডিও দেখার পর থেকেই সেটিকে সরাসরি দেখার আগ্রহ তৈরি হয়েছিল। সেই আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন। তার মতে, প্রচুর ভিড় থাকলেও পরিবেশটি উপভোগ্য ছিল।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদের ছুটিতে আগত দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানীয় জল, নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় এক লাখেরও বেশি দর্শনার্থী প্রবেশ করেছিলেন। ছুটির শেষ দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

চিড়িয়াখানার ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করেন। এদিকে মিরপুরের সনি সিনেমা হল এলাকা থেকে চিড়িয়াখানা গেট পর্যন্ত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। খোলা মোড় থেকে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে অনেক দর্শনার্থীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

বিজ্ঞাপন

চিড়িয়াখানার প্রধান ফটকের বাইরে খাবার, খেলনা, আচার এবং ময়ূরের পাখা বিক্রেতাদেরও ছিল ব্যাপক উপস্থিতি। আচার বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, আগের দিন বিকেল থেকেই দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করে। আর রোববার সকাল থেকে মানুষের চাপ আরও বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে ঈদের টানা ছুটি শেষ হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে সংশ্লিষ্টদের মতে, অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখী যাত্রীরা অনেকটাই স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD