Logo

দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী, ঢামেকে ভর্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৫
দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী, ঢামেকে ভর্তি
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামে এক লঞ্চ ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় তাকে গুলি করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

উজ্জ্বল ভূঁইয়া দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর রাত ১১টার দিকে উজ্জ্বল বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় নিজ বাসায় ফেরেন। এ সময় তিনি স্বজনদের শুধু জানান যে, তাকে গুলি করা হয়েছে। তবে কারা তাকে গুলি করেছে কিংবা হামলার কারণ কী—এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, বাড্ডা এলাকা থেকে উজ্জ্বল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গুলির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD