হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।’
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনের সময় সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগের সত্যতা পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রোগীদের চিকিৎসার কাগজপত্র এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্টও দেখেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে অভিযোগ শুনে এখানে এসেছি, সেটা শতভাগ সত্যি। ডেঙ্গু শনাক্তে সরকারি হাসপাতালে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে সুবিধা আছে। বাইরে থেকে লোক এসে এখান থেকে ব্লাড নিয়ে যায়, এরা কি অন্ধ? ডাক্তার আছে, চোখে দেখবে না?
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এরপরও যদি বাইরের লোক এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, তাহলে এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
এদিকে, পরিদর্শনের সময় হাসপাতালের রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের একাধিক তলায় ছোটাছুটি করতে হওয়ার অভিযোগ করেন তারা।
এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসাসেবার সক্ষমতাও আরও বাড়ানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রতিরোধমূলক অভিযান আরও জোরদার করার কথাও জানান তিনি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সরেজমিন পরিদর্শন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।








