সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংকের পাঁচ প্রবাসী রেমিটারকে সম্মাননা

সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বৈধ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা পাওয়া রেমিটারদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে বৈধ পথে দেশে অর্থ পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানানো হয়।
ব্যক্তি শ্রেণিতে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ভলিউম’ শ্রেণিতে সম্মাননা পেয়েছেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ। অন্যদিকে, একই প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি বার রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ফ্রিকোয়েন্সি’ শ্রেণিতে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করে যারা এক ডলারও দেশে পাঠাচ্ছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রেমিট্যান্সের প্রভাব শুধু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেই সীমাবদ্ধ নয়, এর বহুমাত্রিক ইতিবাচক প্রভাব রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ কোনো শিশুর শিক্ষার কাজে ব্যয় হতে পারে, আবার কোনো পরিবারের চিকিৎসার খরচ মেটাতেও ব্যবহার হতে পারে। সেই অর্থের মাধ্যমে কোনো অসুস্থ মানুষ নতুন জীবন ফিরে পেতে পারেন। প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের প্রতি রেমিটারদের দায়িত্ববোধ কতটা প্রবল, তা তিনি নিজ চোখে দেখেছেন বলেও উল্লেখ করেন।
ড. মেলিতা মেহজাবিন বলেন, ‘প্রবাসী বাংলাদেশি, যারা ১ ডলারও দেশে পাঠাচ্ছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ রেমিট্যান্সের বহুমাত্রিক ইতিবাচক প্রভাব রয়েছে। এ অর্থ হয়তো একটি শিশুর শিক্ষার কাজে ব্যবহার হচ্ছে, নতুবা কোনো একটি পরিবারের চিকিৎসার কাজে ব্যয় হচ্ছে, যার ফলে হয়তো কেউ নতুন জীবন ফিরে পাচ্ছে। প্রবাসে অবস্থান করে দেশ ও মানুষের প্রতি রেমিটারদের দায়িত্ববোধ কতটা প্রবল, তা আমি নিজের চোখে দেখেছি। রেমিট্যান্সের গুরুত্ব কী, তা গত দুই বছরে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি।’
‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান।
বিজ্ঞাপন
এ ছাড়া সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধি, সিঙ্গাপুর সরকারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিসহ দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, বৈধ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সম্মাননা আয়োজন করা হচ্ছে। প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের অবদানকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।








