এএইউবিতে দাপ্তরিক শিষ্টাচার ও পেশাদার যোগাযোগ বিষয়ক সেমিনার

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (এএইউবি) দাপ্তরিক শিষ্টাচার ও পেশাদার যোগাযোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জিডি(পি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন পেশাজীবীর জন্য শুধু নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন যথেষ্ট নয়। একই সঙ্গে দাপ্তরিক শিষ্টাচার বজায় রাখা এবং পেশাদার যোগাযোগে দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রতিষ্ঠানের সদস্যদের আচরণ, শৃঙ্খলা, সৌজন্যবোধ এবং পারস্পরিক যোগাযোগের ধরন একটি প্রতিষ্ঠানের পেশাগত সংস্কৃতি ও মানকে প্রতিফলিত করে। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে এএইউবিতে দাপ্তরিক শিষ্টাচার, সময়ানুবর্তিতা, পারস্পরিক সম্মান, কার্যকর যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চর্চা একাডেমিক ও পেশাগত উৎকর্ষের গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন
সেমিনারে এয়ার কমডোর মো. আব্দুস সালাম (অবসরপ্রাপ্ত), বিশিষ্ট অধ্যাপক ও সেমিনারের প্রধান সংগঠক, দাপ্তরিক শিষ্টাচার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন (অবসরপ্রাপ্ত), বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাদার যোগাযোগ বিষয়ে বক্তব্য দেন।
আলোচনায় কর্মক্ষেত্রে সৌজন্য ও শৃঙ্খলা, পেশাগত আচরণ, যথাযথ শব্দ ও ভাষার ব্যবহার, কার্যকরভাবে অন্যের কথা শোনা, ই-মেইল ও দাপ্তরিক যোগাযোগ, সভা পরিচালনা এবং সহকর্মীদের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে যোগাযোগ দ্রুততর হলেও কার্যকর ও পেশাদার যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা, যথাযথ ভাষা, শালীনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। বিশেষ করে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নির্ভুলতা, শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সঠিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, এসব গুণ শুধু বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও গবেষণাগারে নয়, দাপ্তরিক কর্মকাণ্ড ও দৈনন্দিন আচরণেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
সেমিনারে এএইউবির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, জেসিওসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।








