পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন এবং দেশের মানুষকে সচেতন করেছেন। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটি প্রধান বিচারপতিকে ক্রেস্ট উপহার প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান বিচারপতির এই মন্তব্য বিচার বিভাগের স্বতন্ত্র পরিচয় ও প্রশাসনিক কার্যকারিতা আরও শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে গ্রহণ করা হচ্ছে।








