Logo

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৬:৫০
সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ছবি: সংগৃহীত

আশুলিয়া থানার এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার পর লাশ ভ্যানে করে পুড়িয়ে দেওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এই রায়ে আদালত হত্যার ভয়াবহতা এবং প্রতিটি আসামির সংশ্লিষ্টতার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ স্বাক্ষরের মাধ্যমে রায় প্রকাশ করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক সহকারী এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

বিজ্ঞাপন

তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজনের মধ্যে আছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস এবং ঢাকা জেলা পুলিশের ডিবি উত্তর বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে, কারণ তিনি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে বিশেষভাবে উল্লেখ করেছে, কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি অংশ নেওয়ার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন পক্ষ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের দণ্ডের মাত্রা কমানো হয়েছে। আদালত বিবেচনা করেছেন, অনেক আসামি মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অপারেশনে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

মামলায় মোট ১৬ আসামি রয়েছেন, যাদের মধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে আছে। পলাতক আটজনের মধ্যে রয়েছে সাবেক এমপি সাইফুল ইসলাম ও অন্যান্য উল্লেখযোগ্য পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতা।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার এলাকায় নিহত ছয়জনের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন। তাদের লাশ ভ্যানে করে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর এই রায় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম পূর্ণাঙ্গ রায় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ট্রাইব্যুনাল–১ বিভিন্ন মামলায় রায় প্রদান করেছে, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD