Logo

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১২:০৭
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায়কে ঘিরে ইতোমধ্যে গ্রেপ্তার ছয়জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

হাজির করা ছয় আসামি হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বিজ্ঞাপন

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয়। যাচাই শেষে ৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একই দিনে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে অভিযোগ গঠনের মাধ্যমে ৬ আগস্ট বিচার কার্যক্রম শুরু হয় এবং ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলে। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহত আবু সাঈদের বাবা মুকুল হোসেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যার সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করতে সহায়তা করেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

এরপর ২০ জানুয়ারি যুক্তিতর্ক শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হয়। ওই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা হচ্ছে।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD