জামালপুরে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাওভাঙ্গা চর এলাকার কাবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার দুখু মিয়ার ছেলে রুকু (৫৫)।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ভুক্তভোগী গৃহবধূকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় আসামিরা। পরে তাকে খুপিবাড়ী এলাকায় বুলবুল আহমেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে নিয়ে গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং রুকুর সঙ্গে বিয়েতে রাজি করানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। কিন্তু তিনি এতে সম্মতি না দিলে আসামিরা বিদ্যুতের তার দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্যাতন চালায়। একপর্যায়ে তিন আসামি মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে ঘটনার কথা বলার পর তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তাদের তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক ও এসএম কামরুল হাসান উল্লাস।








