হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা সদস্য মাসুদ উদ্দিন

রাজধানীর মিরপুরে বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তা আদালতে জানান, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ নিহত হন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা উদঘাটনে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং ঘটনার পেছনে অস্ত্র ও অর্থের যোগানদাতাদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ জরুরি।
বিজ্ঞাপন
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী উম্মে হাবিবা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এর আগে, ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।








