Logo

হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাদের ‘মিলনমেলা’

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৪ মে, ২০২৬, ১৬:২৫
হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাদের ‘মিলনমেলা’
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জুলাই মামলার হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণ এক ধরনের ‘মিলনমেলায়’ পরিণত হয় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে। অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী—যাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা ছিলেন—সোমবার (৪ মে) সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। এদের অধিকাংশই বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে রয়েছেন এবং রুটিন অনুযায়ী হাজিরা দিতে আদালতে আসছেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে তারা একসঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন পাঠান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি লিখেন, আজ হবিগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে জি.আর ৩৫১/২৪ (মাধবপুর-বৈষম্যবিরোধী, ‘মিথ্যা মামলা’) হাজিরা শেষে সবাই একসাথে। দীর্ঘদিন পর সহকর্মীদের একত্রে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

তবে উপস্থিত নেতাকর্মীদের কোনো আনুষ্ঠানিক দলীয় কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি; তারা মূলত ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন।

ছবিতে দেখা যায়, মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, যুবলীগ নেতা শংকর পাল, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোফাজ্জল হোসেন (ছুরক মিয়া), নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল হোসেন পাঠানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মাধবপুর পৌর আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত বলেন, বর্তমানে আদালত ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে। তার দাবি, অনেক নেতাকর্মী বিনা দোষে কারাভোগ করেছেন এবং অনেকে এখনো বন্দি রয়েছেন। জামিন প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি বিষয়টিকে স্বস্তির হিসেবে দেখছেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী মামলার বাদী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত যুবদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, আমার কিছু বলার নেই। আওয়ামী লীগ ও বিএনপি মিলে গেছে— সব দোষ আমার ঘাড়ে চাপানো হয়েছে। এখন আমি নিরপরাধ কাউকে মামলায় রাখতে রাজি নই। দ্রুত চার্জশিট দিয়ে মামলার নিষ্পত্তি চাই।

বিজ্ঞাপন

স্থানীয় পরিবেশ কর্মী ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঝড়ে আহত পাখির মত অবস্থা। এখন যদি তাদের আবার গ্রেপ্তারের পায়তারা হয় তাহলে বিএনপি-জামাত তাদের জনপ্রিয়তা হারাবে। যার প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও। আর তারা তো কোনো সাংগঠনিক কার্যক্রমও করছে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD