অসুস্থতার কথা বলেও গ্রেফতারি পরোয়ানা এড়াতে পারলেন না তোফায়েল

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর স্মৃতিভ্রংশে ভুগছেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। দাবি করা হয়েছে, তিনি কাউকে চিনতে পারছেন না এবং বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই।
বিজ্ঞাপন
দুই দশক আগে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় শুনানি পেছানোর আবেদন করতে গিয়ে এ তথ্য তুলে ধরা হয়। তবে আবেদন নাকচ করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত ১৯ এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন বলে আদালত সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
শুনানির দিন তোফায়েলের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে বলেন, তার মক্কেল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন এবং কাউকে চিনতে পারছেন না। এ অবস্থায় তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও শুনানি স্থগিতের আবেদন করা হয়।
কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে আগামী ৭ মে অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও স্থানান্তর করেন।
বিজ্ঞাপন
তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘদিন উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলার কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নেওয়ায় আবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।








