জালিয়াতি মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন বহাল

জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে ড. আবুল বারকাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এর আগে একই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। গত বছরের ১১ জুলাই গোয়েন্দা পুলিশ অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার অনুযায়ী, ড. আবুল বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে অ্যাননটেক্স নামে একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। এ মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অ্যাননটেক্সের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।
বিজ্ঞাপন
জমির মূল্য অতিরঞ্জিত দেখিয়ে ঋণ অনুমোদনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
২০০৯ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। পরে তিনি দুই মেয়াদে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করে ২০১৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়েন।








