Logo

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১১:৩১
নানক-তাপসসহ ২৮ জনের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

এ মামলায় বর্তমানে চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

বিজ্ঞাপন

অন্যদিকে মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে গত ১০ মে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। সে সময় কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জুন দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

মামলাটিকে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়াগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD