Logo

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী কারাগারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৪:৫৭
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী কারাগারে
ছবি: সংগৃহীত

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী, যার প্রকৃত নাম মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। পরে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুর দেড়টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন অভিনেতা। শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

জাহের আলভীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী আদালতে বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।

আসামিপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই। প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে হওয়ায় ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসা থেকে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুস্পষ্ট ও নির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

জামিন আবেদনে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি নাটকের কাজের জন্য অভিনেতা নেপালে অবস্থান করছিলেন। সেই সময় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ফলে অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের প্রয়োজন রয়েছে বলে আদালতের কাছে দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইভনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত ৪ জুন অভিনেতার মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD