জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। আদালতের আদেশের পর আপাতত কারাগার থেকে তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলভীর জামিন-সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। আদালতে তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে, শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহের আলভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরদিন, ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।








