শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা : হাইকোর্টে চলছে আপিল শুনানি

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি অব্যাহত রয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামিপক্ষের শুনানি শুরু হয়।
বিজ্ঞাপন
আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান আদালতে শুনানি করছেন। এর আগে গত ১১ আগস্ট এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে অপর তিন আসামি—আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথিপত্র পরবর্তীতে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিপক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শারীরিক অবস্থার অবনতি হলে আছিয়াকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নারী ও শিশু নির্যাতনের কয়েকটি ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০২৬ সালের ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এই বিশেষ বেঞ্চেই বর্তমানে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামির আপিলের শুনানি চলছে।








