Logo

‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০০
‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
ছবি: সংগৃহীত

এক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া চলছিল বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী ও অভিনেত্রী-মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষের। এর মধ্যেই ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মিষ্টি সুভাষকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন কারাগার থেকে মিষ্টি সুভাষকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে কাঠগড়ায় নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। কিছুক্ষণ পর সুস্থ বোধ করলে তাকে পুনরায় আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুনানির একপর্যায়ে আদালতের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাষ। অনুমতি পাওয়ার পর নিজের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বিচারকের উদ্দেশে মিষ্টি সুভাষ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

এ মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় মিষ্টি সুভাষকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেয় পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান কারাগারে থাকা মিষ্টি সুভাষকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে তার উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

নির্ধারিত দিনে আদালতে শুনানি শেষে মিষ্টি সুভাষকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD