Logo

দুদকের মামলায় সিতাংশু সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২
দুদকের মামলায় সিতাংশু সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড
ছবি প্রতিনিধি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, সুপর্ণা সুর চৌধুরীকে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদকের নথিতে বলা হয়, ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সুপর্ণা সুর চৌধুরী সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করেন। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের কথা থাকলেও তিনি তা দাখিল করেননি।

নথিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হয়। মামলাটি ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে করা হয়। মামলার নম্বর ২৮ এবং তারিখ ২৩ ডিসেম্বর ২০২৪। দুদকের তদন্তে সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের প্রমাণ পাওয়ার পর আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD