খাল দখল ও অনুমোদনহীন মাছ চাষ বন্ধে ২৬ জনকে লিগ্যাল নোটিশ

সরকারি খাল দখল, পানি প্রবাহে প্রতিবন্ধকতা এবং অনুমোদনহীনভাবে মাছ চাষ বন্ধ করে প্রাকৃতিক পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধারের দাবিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনস্বার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, কুমিল্লা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষসহ মোট ২৬ জনকে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ নোটিশ পাঠান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, সরকারি ও জনসাধারণের ব্যবহারের খাল দখল, পানি প্রবাহে বাধা এবং অনুমোদন ছাড়া মাছ চাষের কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে পানির গুণগত মানের অবনতি, পরিবেশের ক্ষতি, কৃষিকাজে বিঘ্ন, জনসাধারণের চলাচলে সমস্যা এবং জলজ জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (এমওএসইউএস)’ পক্ষে আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে ‘ডিমান্ড জাস্টিস নোটিশ’টি পাঠান।
বিজ্ঞাপন
নোটিশে সরকারি ও জনসাধারণের ব্যবহারের খাল এবং প্রাকৃতিক পানি প্রবাহের পথ দখল ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ ও জলাভূমি রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি ও জনসাধারণের ব্যবহারের খালগুলো জরিপ ও তদন্ত করে অবৈধ দখল এবং পানি প্রবাহের প্রতিবন্ধকতা শনাক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদ, প্রাকৃতিক পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন, অনুমোদনহীন মাছ চাষ বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, একই বিষয়ে ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (এমএসএস)’ গত ৪ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। ওই আবেদনে সরকারি খালে মাছ চাষ বন্ধ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
জনস্বার্থে সরকারি খাল ও প্রাকৃতিক পানি প্রবাহের পথ দখলমুক্ত রাখা, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।








