Logo

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২২
শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ রয়েছে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিশা। সেদিন তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তারও আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিশার আরও দাবি, বাদী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD