Logo

১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০১
১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না পড়ায় আগামী ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৩০ বারের মতো পিছিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করেও রহস্য উদঘাটন করতে না পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ সময় র‍্যাব তদন্ত করেও প্রতিবেদন দিতে পারেনি। পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‍্যাবকে তদন্ত থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করা হয়। নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় ২০২৬ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন।

এদিকে, আগস্টে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়ে ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। সেই তারিখেও প্রতিবেদন জমা না পড়ায় এবার ৫ নভেম্বর নতুন দিন ধার্য হলো।

বিজ্ঞাপন

মামলায় বিভিন্ন সময়ে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পালও জামিনে মুক্ত হওয়ার পর পলাতক রয়েছেন। অন্য আসামিরা কারাগারে আছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD