Logo

বিএনপির এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১ অক্টোবর, ২০২৬, ১৬:২৮
বিএনপির এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

আইনজীবীদের নিয়ে দেওয়া বক্তব্যের জেরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার নোটিশটি পাঠান।

বিজ্ঞাপন

নোটিশটি রামগঞ্জে এমপি শাহাদাত সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। এতে আইনজীবীদের নিয়ে দেওয়া বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে সাত দিনের মধ্যে বক্তব্য লিখিতভাবে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম। সেখানে আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যেন ভালোমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের প্রতিবাদ জানান।

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার এই হুজুরি মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমার মনে হয় আপনি সচেতন অবস্থায় এই মন্তব্য করেননি। এই মন্তব্য প্রত্যাহার করুন।’

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

লিগ্যাল নোটিশকারী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার বলেন, বিচারব্যবস্থার অন্যতম প্রধান অংশ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধির এমন বক্তব্য নিন্দনীয়। তার দাবি, বক্তব্যটি আইনজীবীদের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। নোটিশে দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে শাহাদাত হোসেন সেলিম বলেছেন, তিনি এখনো লিগ্যাল নোটিশ হাতে পাননি, যদিও বিষয়টি শুনেছেন। তিনি বলেন, নোটিশ পাওয়ার পর তার আইনজীবীর মাধ্যমে নিয়ম অনুযায়ী জবাব দেওয়া হবে।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিষয়টি বিতর্কিত করা হয়েছে। মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলার সময় প্রাসঙ্গিকভাবে আইনজীবীদের নিয়ে মন্তব্য করা হয়েছিল এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD