Logo

বিমানবন্দরের মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ১৪:২২
বিমানবন্দরের মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার রিমান্ড শুনানির জন্য আখতারুজ্জামানকে আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরের ঘটনার পেছনে আখতারুজ্জামানের সঙ্গে কোনো কুচক্রী মহলের সম্পৃক্ততা বা ইন্ধন ছিল কি না এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় আসেন। যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে ট্রলির সংকট দেখা দিলে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে তাকে লক্ষ্য করে আখতারুজ্জামান অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD