গ্রেফতারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন আখতারুজ্জামান। এতে তিনি বলেন, দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওবার্তায় আখতারুজ্জামান বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। শুধু আপনাকে জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি। আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন, আহ্বান কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকবো, আজীবন থাকবো। যতদিন বেঁচে আছি, এতদিন জনগণের পাশে থাকবো। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন।’








