Logo

আমু-শাজাহান খানসহ হেভিওয়েটদের বিরুদ্ধে চার্জ শিগগিরই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৫:১৫
আমু-শাজাহান খানসহ হেভিওয়েটদের বিরুদ্ধে চার্জ শিগগিরই
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। তালিকায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌমন্ত্রী শাজাহান খানসহ একাধিক হেভিওয়েট নেতা রয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর দ্রুত ট্রাইব্যুনালে এসব অভিযোগ দাখিল করা হবে।

প্রসিকিউটর জানান, চিফ প্রসিকিউটর বর্তমানে ছুটিতে থাকায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া তার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি কর্মস্থলে ফিরলে অথবা অনুমোদন পাওয়া গেলে অভিযোগগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য আসামিদের তালিকায় রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির নামও তালিকায় রয়েছে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপির বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, এসব নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে দীর্ঘদিন তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে পাওয়া তথ্য ও নথিপত্র যাচাই করে আনুষ্ঠানিক অভিযোগের খসড়া প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, তালিকাভুক্ত এসব সাবেক মন্ত্রী ও নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিলের পর আদালত তা আমলে নেবে কি না এবং পরবর্তী বিচারিক কার্যক্রম কীভাবে এগোবে, তা ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD