Logo

আ. লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে বলা যাচ্ছে না: প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৪
আ. লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে বলা যাচ্ছে না: প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল বা সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এই তদন্ত কবে শেষ হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাজী এম এইচ তামিম বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করা তদন্ত সংস্থার এখতিয়ার। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৫ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার ও তদন্তের বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনাঙ্গনে আলোচনা চলছে। ফলে সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

এদিকে একই দিনে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাসহ ১০ জনের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD