Logo

ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিতের রিট খারিজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৮
ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিতের রিট খারিজ
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গত ২২ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন নাকচ হলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন এ রিট আবেদন করেন। এতে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী তাঁরা সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD