Logo

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলা: আওয়ামী লীগ নেতা হানিফসহ ৪ আসামির রায় আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪১
কুষ্টিয়ায় ৬ হত্যা মামলা: আওয়ামী লীগ নেতা হানিফসহ ৪ আসামির রায় আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার জন্য মামলাটি ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর দুই দিন পর, ৭ অক্টোবর আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

যেসব অভিযোগে বিচার

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেওয়া এক বক্তব্যে আজগর আলী বলেছিলেন, আন্দোলন যেকোনোভাবে দমনের নির্দেশনা রয়েছে দলীয় নেতা হানিফের। মামলার যুক্তিতর্কে প্রসিকিউশন এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দেয়।

রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার প্রত্যক্ষ প্রভাবে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রায়ে নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

প্রসিকিউশন চার আসামির বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট বলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের যে বৈঠকে মন্তব্য করেছিলেন, সেখানে উপস্থিত থেকে আসামিরা ওই অবস্থানের প্রতি সমর্থন জানান।

দ্বিতীয় অভিযোগে রয়েছে, ২৯ জুলাই কুষ্টিয়ায় অনুষ্ঠিত একটি বৈঠকে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়া এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রে অংশ নেওয়া। তৃতীয় অভিযোগটি কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা নিয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়াও মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। চার আসামিই বর্তমানে পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

যেভাবে শুরু হয় বিচারপ্রক্রিয়া

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৬ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। একই বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ১০ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশন অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেই প্রক্রিয়া শেষে গত ৭ অক্টোবর মামলাটি আবারও রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD