আত্মসমর্পণের একদিন পর জামিন পেলেন সেই ৬৫ চরমপন্থি

সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের একদিন পর জামিন পেয়েছেন ৬৫ চরমপন্থি। সোমবার (২ নভেম্বর) দুপুরে শাহজাদপুর চৌকি আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আদালতের বিচারক মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকার বন্ডে জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।
তিনি জানান, জামিন পাওয়া ৬৫ জনের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা ছিল। এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসআরবির সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমর্পণকারীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অন্ধকার জগতে থাকা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় অঞ্চলভেদে চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে আত্মসমর্পণকারীদের কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে এসআরবিকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পরে অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ-সংক্রান্ত কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন।








