Logo

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৩:০৯
জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি
ছবি: সংগৃহীত

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে আদালতে হাজির না হওয়ায় বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

মামলার নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

ওই দিন পরীমনির আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

১০ নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে পরীমনি

বিজ্ঞাপন

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে হাজির হন পরীমনি। বেলা ১১টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা গাড়ির ভেতরে তাঁকে অপেক্ষা করতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় গাড়ির দুই পাশে কালো পোশাক পরা নিরাপত্তাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা গাড়ির আশপাশে থাকা আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিচ্ছিলেন। পরীমনির আদালতে আসার খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখার জন্য আদালত এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

নাসির উদ্দিন মাহমুদের করা মামলা

বিজ্ঞাপন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা এই মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। সেদিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই অভিনেত্রী।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমনি এবং তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন জমা দেয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২১ সালে বোট ক্লাবে ঘটনার সূত্রপাত

বিজ্ঞাপন

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে পরীমনি ও তাঁর সহযোগীদের সঙ্গে বাদী নাসির উদ্দিন মাহমুদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাঁকে গালমন্দ ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারার অভিযোগও রয়েছে।

এতে নাসির উদ্দিনের মাথা ও বুকে আঘাত লাগে বলে এজাহারে উল্লেখ করা হয়। পাশাপাশি ক্লাবে ভাঙচুর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD