হাসিনার আমলের গুম-খুনে জড়িতদের খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে দেশব্যাপী গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। প্রয়োজনে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কর্মপরিকল্পনার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও নিজেদের বক্তব্য ও তথ্য তুলে ধরার সুযোগ পাবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানির প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠন এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
গণশুনানিতে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। যেসব ঘটনায় আগে মামলা হয়েছে, সেগুলোর নথি, কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। অন্যদিকে, মামলা না হওয়া ঘটনাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।
এ ছাড়া কোনো অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উপযোগী মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে প্রতীয়মান হলে তদন্ত সংস্থার মাধ্যমে অনুসন্ধান ও তদন্ত করে বিচারিক কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যশোর থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৬ নভেম্বর যশোরে প্রথম গণশুনানি আয়োজনের চিন্তা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানি শুরু করার পরিকল্পনা রয়েছে।
গণশুনানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ক্রসফায়ার, গুম, জোরপূর্বক নিখোঁজ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে। অনেক পরিবার গুম কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও নানা কারণে আইনি পদক্ষেপ নেয়নি। আবার অভিযুক্তদের কেউ কেউ এখনও প্রকাশ্যে চলাফেরা করছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগের যথাযথ তদন্ত এবং আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই দেশব্যাপী গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, “আমরা মনে করি এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যেন বাংলাদেশে আর কখনও কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়।”
গণশুনানির মাধ্যমে এই বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়াই উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, গণশুনানির আইনগত ভিত্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের আইনগত ক্ষমতা রয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও অপরাধের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করতে পারে। সে বিবেচনায় গণশুনানির এই কর্মসূচি আইনসম্মত এবং এর প্রয়োজনীয় আইনগত ম্যান্ডেট রয়েছে।








