Logo

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৫:০৩
জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

গুম, খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এসব অপরাধের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় সাজা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলায় উঠে আসা অপরাধগুলোর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নিয়ে গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

তিনি বলেন, কোনো শাস্তিই ভুক্তভোগী পরিবারের হারানো মানুষকে ফিরিয়ে দিতে পারবে না। মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কোনো আদালতের রায়ের নেই। তারপরও অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এ কারণেই রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের সামনে এসেছে।

শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরে দার্শনিক হেগেল এবং মার্কিন আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্যও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। অন্যথায় অপরাধীকে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে ধরে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, বিচার না হলে অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যাবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত না হলে সভ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে।

অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় একবারের মৃত্যুদণ্ডকেও অপর্যাপ্ত উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, এত মানুষের প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইন অনুযায়ী একবারের বেশি সর্বোচ্চ শাস্তি কার্যকর করার সুযোগ নেই। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের আবেদন জানাচ্ছে রাষ্ট্রপক্ষ।

মামলার সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন জানিয়ে তিনি দাবি করেন, সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদান প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এসব প্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামির অপরাধ প্রতিষ্ঠা করা সম্ভব।

যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তাঁর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদনও জানানো হয়। একই সঙ্গে বাজেয়াপ্ত সম্পদ থেকে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, এসব বক্তব্য রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও সাজাসংক্রান্ত আবেদন। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD