Logo

মানুষের জীবন ও মৃত্যুকে খেলায় পরিণত করেছিলেন জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১২:৫১
মানুষের জীবন ও মৃত্যুকে খেলায় পরিণত করেছিলেন জিয়াউল আহসান
ছবি: সংগৃহীত

মানুষের জীবন ও মৃত্যুকে খেলায় পরিণত করেছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন তিনি—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি পরিচালনা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে গুম ও হত্যার ঘটনাগুলো তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত এসব ঘটনা কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং সরাসরি মানুষের জীবনকে বিপন্ন করেছে। এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষমতা ও অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু সেই ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যার কাজে নিয়োজিত করা হয়েছে। এ ধরনের অপরাধের বিচার শুধু বাংলাদেশের মানুষের প্রত্যাশা নয়, বরং সমগ্র মানবতার পক্ষ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি।

তিনি আরও বলেন, এই বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিহত ব্যক্তিদের আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। একইভাবে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দীর্ঘদিনের কষ্ট ও বেদনাও দূর করা যাবে না। তারপরও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে এই বিচার অত্যন্ত প্রয়োজনীয়।

অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে বিবেচনা করেছিলেন, যেন সেটি তাঁর কাছে খেলার বিষয়। অথচ রাষ্ট্রের দেওয়া অস্ত্র ও ক্ষমতার উদ্দেশ্য জনগণের জীবন রক্ষা করা, কারও প্রাণ কেড়ে নেওয়া নয়।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জন্য একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া প্রসিকিউশন দলের সদস্য মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। শুনানিতে গুম ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।

চলমান এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে মূলত গুম ও হত্যার ঘটনাগুলোর গুরুত্ব, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ট্রাইব্যুনালের বিচারিক রায়ে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD