Logo

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৩১
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বর্তমানে রাকিবুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডিআইজি (পার্বত্য জেলা) রাঙামাটি এপিবিএনে সংযুক্ত রয়েছেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাকিবুলকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রাকিবুল হাসান স্বপদে থেকে স্বপ্রণোদিত হয়ে রাজনৈতিক বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

আদালতের আবেদনে আরও বলা হয়, ডিবি পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনারের নেতৃত্বে একটি দল গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় নিয়ে আসা হয়।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রাকিবুল হাসান হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার।

অভিযোগ অনুযায়ী, ওই অভিযানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি আশপাশে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD