Logo

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৩৫
যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান উপেক্ষা করে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের অনিয়মের জন্য সংশ্লিষ্ট কমিটি বাতিল এবং শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অধ্যক্ষ পদে নিয়োগপ্রত্যাশী এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আদালত এসব নির্দেশনা প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

প্রথম হয়েও পাননি অধ্যক্ষ পদে নিয়োগ

মামলার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটে অধ্যক্ষ নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন মো. জাহাঙ্গীর আলম। বিধি অনুযায়ী অনুষ্ঠিত লিখিত ও মৌখিক—দুই পরীক্ষাতেই প্রথম স্থান অর্জন করেন তিনি।

তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের কারণ দেখিয়ে তাঁকে নিয়োগ দেয়নি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে রিট আবেদন করেন জাহাঙ্গীর আলম।

পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার রুলটি খারিজ করে রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে আদালত উল্লেখ করেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে রিট আবেদন রক্ষণীয় নয়।

যোগ্য প্রার্থীকে বঞ্চিত করলে নেওয়া যাবে ব্যবস্থা

রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন জানান, আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কোনো আবেদনকারী আইনসম্মত নিয়োগপ্রক্রিয়ায় স্কুল বা কলেজের কোনো পদে যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা কমিটির কোনো সদস্য যথাযথ কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।

কোনো যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট কমিটি, গভর্নিং বডি কিংবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া নিয়োগে আইনবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল, সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত এবং পরিস্থিতি অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রায়ে স্পষ্ট করা হয়েছে।

হাইকোর্টের এ নির্দেশনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতার মূল্যায়ন এবং বিধিবিধান অনুসরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় অযৌক্তিক হস্তক্ষেপ ও অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতাও তুলে ধরা হয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD