Logo

শাপলা চত্বরের গণহত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৩২
শাপলা চত্বরের গণহত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল চৌধুরী।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

চার জেলায় ৫৮ জন নিহতের তথ্য তদন্তে

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার চারটি স্থানে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তদন্তে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ঘটনার এক যুগেরও বেশি সময় পার হলেও এর বিচারিক প্রক্রিয়া নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর প্রত্যাশা অব্যাহত রয়েছে। স্বজন হারানোর বেদনা, ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি এ মামলাকে ঘিরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মামলায় যাঁদের নাম এসেছে

মামলার আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নাম রয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সাংবাদিকদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার নাম রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও তালিকায়

মামলায় সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদের নাম এসেছে। এ ছাড়া রয়েছেন তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল।

তালিকায় আরও রয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম।

ডিএমপির তৎকালীন ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামের নামও রয়েছে মামলার তালিকায়।

এ ছাড়া তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলীর নাম উল্লেখ করা হয়েছে।

শাপলা চত্বরের ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশার মধ্য দিয়ে এগিয়ে চলছে মামলার কার্যক্রম। আগামী ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হলে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে। ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এ বিচারপ্রক্রিয়া দীর্ঘদিনের অপেক্ষা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রত্যাশার সঙ্গে জড়িত।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD