Logo

পাহাড়ে মৃত পড়ে থাকা তরুণীর পরিচয় শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৪, ০৩:৪৭
পাহাড়ে মৃত পড়ে থাকা তরুণীর পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার নাগেরকান্দি এলাকায়

বিজ্ঞাপন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড়ে পাওয়া তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম জেলা ইউনিটের একটি টিম তার পরিচয় শনাক্ত করে।

নিহত তরুণীর নাম আমেনা বেগম, বয়স ২৩ বছর। তিনি নগরের কোতোয়ালি থানার বলুয়ার দিঘীরপাড় এলাকার আবুল কালাম সওদাগরের কলোনিতে থাকতেন। তবে তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার নাগেরকান্দি এলাকায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আনোয়ারার বৈরাগ চায়না ইকোনমিক জোন অফিসের পূর্ব পাশে একটি টিলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আনোয়ারা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পিবিআইয়ের একটি টিম ফিঙ্গারপ্রিন্টের সহায়তায় তরুণীর পরিচয় শনাক্ত করে। 

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ওই তরুণীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টা থেকে  (৩ অক্টোবর) ভোর ৫টার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাতনামা আসামি বা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগী তরুণীকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি ঘটনাস্থলে ফেলে চলে যায়। আইনিপ্রক্রিয়া শেষে ভুক্তভোগীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD