সোনার দামে আবার পতন, ভরিতে কমলো ৬,৫৯০ টাকা

টানা ওঠানামার মধ্যেই দেশের সোনার বাজারে আবারও দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বিজ্ঞাপন
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৫১ হাজার টাকায়। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয় এবং তখন থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
সংগঠনটির ভাষ্য, তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল এবং চাহিদা কম থাকায় আগেই দাম সমন্বয় করা হয়। পরে আন্তর্জাতিক বাজার চালু হলে প্রতি আউন্সে বড় ধরনের দরপতন হওয়ায় পুনরায় বৈঠক করে দাম হালনাগাদ করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট: ভরি ২,৫১,১৮৪ টাকা; ২১ ক্যারেট: ভরি ২,৩৯,৭৫৪ টাকা; ১৮ ক্যারেট: ভরি ২,০৫,৫২০ টাকা; সনাতন পদ্ধতি: ভরি ১,৬৮,১৯৫ টাকা।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৭,২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫,৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪,৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এক ধাপে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না যেতেই আবার দাম কমানো হয়। সর্বশেষ এই সমন্বয়ে সোনার বাজারে অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।








