Logo

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৭
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন
ছবি: সংগৃহীত

উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় একের পর এক মাইলফলক অর্জনের ধারাবাহিকতায় এবার ইউরোপের বিশ্বখ্যাত এসিসি (ACC) ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন কম্প্রেসর উৎপাদন শুরু করেছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। দীর্ঘস্থায়িত্ব, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও কমপ্যাক্ট ডিজাইনের এই কম্প্রেসর উৎপাদনের মাধ্যমে দেশীয় শিল্পখাতে নতুন এক অধ্যায় সূচিত হলো।

বিজ্ঞাপন

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা পূরণ হবে, অন্যদিকে ইউরোপসহ উন্নত বিশ্বের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অবস্থিত দেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক এবং গর্বের বিষয়। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব ও উচ্চ কার্যক্ষমতার সমন্বয়ে কাপ্পা কম্প্রেসর ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি উল্লেখযোগ্য সাফল্য। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ যে বিশ্বমানের শিল্প ও প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম—তা আবারও প্রমাণিত হলো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাই-টেক শিল্পখাতে কম্প্রেসর একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত, যার বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের লক্ষ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বব্যাপী অন্যতম শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ইতোমধ্যে ওয়ালটনের উৎপাদিত কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা ওয়ালটনের রপ্তানি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। অদূর ভবিষ্যতে শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এস এম আলমাস রহমান। তিনি বলেন, কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব প্রযুক্তির একটি অনন্য সমন্বয় রয়েছে। ছোট ও সুবিন্যস্ত আকারের কারণে এই কম্প্রেসর রেফ্রিজারেটরের অভ্যন্তরীণ জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে প্রয়োজনীয় শীতলীকরণ নিশ্চিত করে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি প্রদান করে।

তিনি আরও জানান, ২.১৫-এর অধিক সিওপি (Coefficient of Performance) এবং পরিবেশবান্ধব সক্ষমতার কারণে কাপ্পা কম্প্রেসর সহজেই ৫-স্টার এনার্জি এফিসিয়েন্সি মানদণ্ড পূরণ করতে সক্ষম। এছাড়া ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত ওয়াইড ভোল্টেজ রেঞ্জে কার্যকরভাবে পরিচালিত হওয়ায় অতিরিক্ত স্ট্যাবিলাইজারের প্রয়োজন হয় না। ফলে এটি গ্রামীণ ও ভোল্টেজ ওঠানামাপ্রবণ এলাকার জন্য বিশেষভাবে উপযোগী। পাশাপাশি এর আল্ট্রা লো নয়েজ প্রযুক্তি গ্রাহকের আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

জানা গেছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ বর্তমানে এশিয়ার অষ্টম এবং বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের মর্যাদা লাভ করেছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় আন্তর্জাতিকমানের উৎপাদন লাইন ছাড়াও রয়েছে অত্যাধুনিক মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, আধুনিক ল্যাব সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির মেশিনারিজ। উৎপাদনের প্রতিটি ধাপে ‘জিরো টলারেন্স’ নীতিতে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বাণিজ্যিকভাবে কম্প্রেসর উৎপাদন শুরু করার মাত্র দুই বছরের মধ্যেই ইউরোপে রপ্তানি কার্যক্রম চালু করে ওয়ালটন। পরবর্তীতে ২০২২ সালে ইউরোপের ঐতিহ্যবাহী ইতালিয়ান ব্র্যান্ড এসিসি’র কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি ও মেধাস্বত্ব অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD