Logo

বাজারে লেবু, শসা ও বেগুনসহ কমেছে নিত্যপণ্যের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮
বাজারে লেবু, শসা ও বেগুনসহ কমেছে নিত্যপণ্যের দাম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের শুরুতে নিত্যপণ্যের বাজারে যে ঊর্ধ্বমুখী দামের চাপ দেখা দিয়েছিল, তা এখন অনেকটা শান্ত হয়েছে। রোজার প্রথম সপ্তাহে যেসব জিনিসের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছিল—বিশেষ করে ইফতারের প্রধান উপকরণ লেবু, শসা ও বেগুন—সেগুলোর দাম এখন উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া আলু ও পেঁয়াজের বাজারেও দরপতন লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি ও নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।

কারওয়ান বাজার, রামপুরা ও মালিবাগে সরেজমিনে দেখা গেছে, আলুর কেজি এখন ১৫ থেকে ২০ টাকায় এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা কম।

বিজ্ঞাপন

ইফতারের অন্যতম উপকরণ লেবুর দামও নেমেছে। রোজার শুরুতে লেবু বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১৫০ টাকায়, এখন তা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। একইভাবে শসা ও বেগুনের দাম কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে ভালো মানের শসা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায়।

কাঁচা মরিচের দামও ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে; এখন খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা কয়েকদিন আগে ২০০ টাকা ছাড়িয়ে যেত।

বিজ্ঞাপন

মুদি বাজারেও শান্তি দেখা যাচ্ছে। রোজার শুরুতে ছোলার দাম কিছুটা বেশি থাকলেও এখন তা ৮০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে। খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমেছে। চিনি ও সয়াবিন তেলের দাম এখনো অপরিবর্তিত, তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় নতুনভাবে দাম বাড়ার আশঙ্কা নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD