Logo

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, ২০০ টাকার নিচে মিলছে না মাছ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১২:৪২
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, ২০০ টাকার নিচে মিলছে না মাছ
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর পার হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। বিশেষ করে মাছের বাজারে কোনো প্রজাতিই ২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, যা ভোগান্তি বাড়িয়েছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছের দাম এখনও তুলনামূলক বেশি। বর্তমানে পাঙ্গাশ প্রতি কেজি ২০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা, রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, টেংরা ৬০০ টাকা, বেলে ৩৫০ টাকা, বাইন ৬০০-৮০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কই ৪০০-৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং টাকি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ২০০-২২০ টাকার মধ্যে। একইভাবে সোনালি মুরগির দাম কিছুটা কমে এখন ৩৪০ টাকা কেজি।

বিজ্ঞাপন

ক্রেতারা বলছেন, ঈদের আগে দাম বাড়লেও পরে তা কমার আশা ছিল। কিন্তু বাজারে এখনো তেমন পরিবর্তন আসেনি। অনেকের মতে, ব্রয়লারের দাম কিছুটা কমলেও অন্যান্য পণ্যের উচ্চমূল্যের কারণে স্বস্তি মিলছে না।

বাজারের ব্যবসায়ীরা জানান, মাছের দাম সামান্য কমলেও তা উল্লেখযোগ্য নয়। তাদের ভাষ্য, সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে মাছের দাম সাধারণত ২০-৩০ টাকা ওঠানামা করে থাকে।

সব মিলিয়ে, ঈদের পরও বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি না ফেরায় চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD