নতুন সময়সূচি ঘোষণা : বিকেল ৩টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সপ্তাহের পাঁচ দিন রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংকগুলোর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহকরা সরাসরি লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। যথারীতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকবে ব্যাংক।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা খোলা থাকবে। এসব গুরুত্বপূর্ণ স্থানে আন্তর্জাতিক লেনদেন ও জরুরি আর্থিক কার্যক্রম অব্যাহত রাখতে এই সুবিধা বহাল রাখা হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সময়সূচি কার্যকর হলে ব্যাংকিং কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না, বরং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৪ এপ্রিল ২০২৬
নতুন সময়সূচি বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পাশাপাশি জাতীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টাও আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।








